প্রকৃতির সৌন্দর্যঘেরা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রাগীব নগরে অবস্থিত সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রতিবছরই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজে সাজিয়ে তুলতে প্রতিবছরের মত এবারের বর্ষা মৌসুমে লিডিং ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রজাতির বনজ এবং ফলদ বৃক্ষ রোপণ করার উদ্যোগ নেয়া হয়েছে।
প্রাকৃতিক পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার (০৭ এপ্রিল ২০২৬) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন লিডিং ইউনিভার্সিটি রাস্তার দুপাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উদ্বোধন করে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, বিগত বছরের ধারাবাহিকতায় এবারো লিডিং ইউনিভার্সিটির উদ্যোগে বৃক্ষরোপণ করা হবে এবং আগামী বছরগুলোতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
গাছ আমাদের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে তিনি আরো বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জীবন ও সম্পদ রক্ষায় গাছের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষার সীমাহীন প্রয়োজনের তুলনায় আমাদের গাছের সংখ্যা নগণ্য। তাই প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা। জীবনে স্বাচ্ছন্দ্য আনতে পর্যাপ্ত বৃক্ষরোপণ দরকার। কেননা বৃক্ষহীন পরিবেশ জীবন-জীবিকার জন্য ভয়াবহ হুমকি।
গাছ লাগানোর পাশাপাশি গাছ বাঁচাতে হবে উল্লেখ করে লিডিং ইউনিভার্সির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, প্রকৃতির ভারসাম্যকে বজায় রাখতে আমাদেরকে গাছের নিয়মিত পরিচর্চার বিষয়ে আরও সচেতন হতে হবে। তিনি আরো বলেন, দক্ষ মানব সম্পদ গড়ার লক্ষ্যে উপমহাদেশের প্রখ্যাত দানবীর লিডিং ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শুধু এ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নয় বরং সিলেটসহ দেশের অনেক যায়গায় বিভিন্ন সময়ে তিনি অসংখ্য গাছ লাগিয়েছেন এবং বৃক্ষরোপণে পৃষ্ঠপোষকতা করেছেন যাতে প্রকৃতির ভারসাম্যে মানব জীবন সুস্থ থাকতে পারে। তিনি আমাদের বনজ সম্পদ বৃদ্ধি ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সবাইকে এ কর্মসূচিতে অংশ নেয়ার আহবান জানিয়ে বলেন, গাছ লাগাই, গাছ বাঁচাই এবং পরিবেশকে সুস্থ রেখে আমরাও সুস্থ থাকি।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাক পত্রিকার অতিথি সম্পাদক মো. নজরুল ইসলাম বাসন, লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
