১৭ বছরের বেশি সময় দেশের বাইরে অবস্থান, রাজনৈতিক প্রতিকূলতা ও নানা চড়াই-উতরাই পেরিয়ে বিএনপির নেতৃত্ব থেকে প্রধানমন্ত্রী। আজকের জন্মদিনটি তারেক রহমানের রাজনৈতিক জীবনে এক বিশেষ তাৎপর্য বহন করছে।
একসময় ছিলেন বিরোধী দলের রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ। রাজনৈতিক জীবনে পেরিয়েছেন কারাবাস, মামলা, নানা প্রতিকূলতা ও দীর্ঘ নির্বাসিত জীবন। দেশের বাইরে থেকেও সামলেছেন দলের নেতৃত্ব। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরে সরাসরি নেতৃত্ব দিয়েছেন দলকে। নির্বাচনে দলকে বিজয়ী করে শেষ পর্যন্ত অধিষ্ঠিত হয়েছেন রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ নির্বাহী পদে। তিনি বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শুক্রবার (২০ নভেম্বর) তার ৬১তম জন্মদিন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম জন্মদিন উদযাপন করছেন তিনি। ব্যক্তিগত জীবনের এই বিশেষ দিনটি তার রাজনৈতিক জীবনের দীর্ঘ সংগ্রাম, প্রত্যাবর্তন ও সাফল্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে মিশে আছে।
১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। রাজনৈতিক ঐতিহ্যসমৃদ্ধ পরিবারে জন্ম হলেও তার রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল সাংগঠনিক পর্যায় থেকে। দীর্ঘ সময় ধরে দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ততা, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সাংগঠনিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে উঠে আসেন তিনি।
শিক্ষাজীবন ও রাজনীতিতে অভিষেক
তারেক রহমানের শিক্ষাজীবন শুরু ঢাকার শাহীন স্কুল অ্যান্ড কলেজে। পরে রেসিডেনশিয়াল মডেল স্কুলে পড়াশোনা করেন এবং আদমজী কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। শিক্ষাজীবনের পাশাপাশি পারিবারিক রাজনৈতিক পরিবেশ এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি তার মধ্যে রাজনীতির প্রতি আগ্রহ তৈরি করে।
১৯৮৮ সালে বাবার জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। এর মধ্য দিয়ে শুরু হয় তার দীর্ঘ রাজনৈতিক পথচলা।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠন ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন তারেক রহমান। সে সময় দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হন। পরবর্তী সময়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা আরও বিস্তৃত হয়।
২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তিনি। ২০০৯ সালে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিএনপির রাজনীতিতে তার প্রভাব ও নেতৃত্বের পরিধি বাড়তে থাকে।
কারাবাস ও দীর্ঘ নির্বাসিত জীবন
তারেক রহমানের রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন অধ্যায় শুরু হয় ২০০৭ সালে। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হন তিনি। ওই সময় কারাগারে শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগও ওঠে। একাধিক মামলার মুখোমুখি হওয়া এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে যেতে হয়। ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। এরপর শুরু হয় তার দীর্ঘ প্রবাসজীবন।
লন্ডনে অবস্থান করেও বিএনপির রাজনীতি থেকে বিচ্ছিন্ন হননি তিনি। দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগ এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে দলের নেতৃত্বে সক্রিয় থাকেন। ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাবন্দি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এরপর দীর্ঘ সময় যুক্তরাজ্যে অবস্থান করেই দল পরিচালনা করেন তিনি।
তার এই প্রবাসজীবন শুধু ব্যক্তিগত জীবনের বিচ্ছিন্ন অধ্যায় ছিল না; বরং বিএনপির রাজনৈতিক আন্দোলন, সাংগঠনিক পুনর্গঠন এবং দলীয় নেতৃত্বের ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রেও তা ছিল গুরুত্বপূর্ণ সময়। দেশে ফেরার দাবি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিষয়গুলো তার বক্তব্য ও দলীয় কর্মকাণ্ডে বিশেষ গুরুত্ব পায়।
দেশে প্রত্যাবর্তন ও রাজনৈতিক নতুন অধ্যায়
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন আসে। দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরার অনুকূল পরিস্থিতি তৈরি হয়। অবশেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন তিনি।
তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দীর্ঘদিন পর দেশের মাটিতে ফিরে সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়।
দেশে ফিরে দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করা, সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা নিয়ে বক্তব্য দিতে থাকেন তিনি। একই সঙ্গে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং জনগণের প্রত্যাশা পূরণের বিষয়গুলো তার রাজনৈতিক বক্তব্যে গুরুত্ব পায়।
নির্বাচনী বিজয় থেকে প্রধানমন্ত্রিত্ব
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই বিজয়ী হন তারেক রহমান। দীর্ঘদিন পর রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে বিএনপি।
এরপর ১৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। এর মধ্য দিয়ে তার দীর্ঘ রাজনৈতিক পথচলা নতুন এক উচ্চতায় পৌঁছায়। বিরোধী দলের একজন গুরুত্বপূর্ণ নেতা থেকে দেশের সরকারপ্রধান হয়ে ওঠার এই যাত্রা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার সামনে এখন দেশের অর্থনীতি পুনরুদ্ধার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন, প্রশাসনিক জবাবদিহি নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করাই হবে তার সরকারের জন্য বড় পরীক্ষা।
জন্মদিনে দোয়া ও বিভিন্ন কর্মসূচি
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা রাজধানীর গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।
এদিকে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেবেন বলে জানা গেছে।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করবেন।
রাজনৈতিক জীবনের দীর্ঘ পথপরিক্রমায় তারেক রহমানের এবারের জন্মদিন তাই কেবল বয়সের একটি মাইলফলক নয়; বরং কারাবাস, নির্বাসন, রাজনৈতিক সংগ্রাম, প্রত্যাবর্তন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের এক দীর্ঘ অধ্যায়ের স্মারক। এখন তার সামনে সবচেয়ে বড় প্রত্যাশা—জনগণের আস্থা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি স্থিতিশীল, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।