- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

প্রেমঘটিত বিরোধে দিরাইয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৪০

সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রেমের সম্পর্ক ও এক কিশোরীর পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন মাটিয়াপুর গ্রামের জাকারিয়া (১৮), রিপা বেগম (১৯) ও মাহি সর্দার (২০) এবং হলিমপুর গ্রামের গিয়াস উদ্দিন (৬৩) ও রহিম উদ্দিন (৭৫)। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মনি রানী তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের আফতাব আলীর ছেলের সঙ্গে পার্শ্ববর্তী হলিমপুর গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। এরই জেরে গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে মাটিয়াপুর গ্রামের রমজান আলীর সঙ্গে হলিমপুরের ওই কিশোরী পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে দুই গ্রামের স্বজন ও স্থানীয় মুরব্বিরা সামাজিকভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। বিয়ের প্রস্তুতি ও পারিবারিক আলোচনা করতে উভয় পক্ষের লোকজন একত্রে বসেন। তবে বৈঠকে বিয়ের দেনমোহরের পরিমাণ নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের খবর পেয়ে দিরাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে এমন সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন