প্রথম আয়ে বাবাকে উপহার দিয়ে প্রশংসায় ভাসছেন যুবক

একজন কনটেন্ট ক্রিয়েটরের বাবার জন্য করা একটি আবেগঘন সারপ্রাইজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নিজের জন্য কিছু না কিনে, কনটেন্ট তৈরি করে পাওয়া প্রথম আয় দিয়ে তিনি বাবাকে একজোড়া নতুন জুতা উপহার দেন।

মুম্বাইয়ের কন্টেন্ট ক্রিয়েটর কেশব নারায়ণ বিষ্ট ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘বাবা, তুমি অমূল্য।’ ভিডিওতে তিনি জানান, কনটেন্ট তৈরি করে পাওয়া প্রথম আয় দিয়েই তিনি বাবাকে এই সারপ্রাইজ দিয়েছেন।

কেশব বলেন, তিনি বাবাকে জানিয়েছিলেন যে তারা একটি নতুন ক্যামেরা কিনতে যাচ্ছেন। কিন্তু ক্যামেরার দোকানের বদলে যখন তারা একটি জুতার দোকানে পৌঁছান, তখন তার বাবা অবাক হয়ে যান।পরে কেশব বাবাকে জুতা পরে দেখতে বলেন।

এরপর তিনি জানান, কনটেন্ট তৈরি করে পাওয়া প্রথম আয় দিয়েই এই জুতা কেনা হয়েছে। বিষয়টি জানতে পেরে বাবা আবেগে ছেলেকে জড়িয়ে ধরেন। বাবা-ছেলের সেই হাসিমাখা ও আবেগঘন মুহূর্ত ভিডিওতে ধরা পড়ে।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেকেই হৃদয়ের ইমোজি দিয়ে বাবা-ছেলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এটাই এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর সারপ্রাইজ।’ আরেকজন লেখেন, ‘প্রত্যেক বাবা-মা যেন এমন ভালোবাসার সারপ্রাইজ পান।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন