- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

প্রথমবারের মতো ফ্রান্সের স্কোয়াড ঘোষণা

কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফ্রান্সের স্কোয়াড ঘোষণা করেছেন জিনেদিন জিদান। ভবিষ্যতের দল গড়ার লক্ষ্যে বেশ কয়েকজন নতুন মুখকে দলে জায়গা দিয়েছেন তিনি। এর মধ্যে রেনের স্ট্রাইকার এস্তেবান লেপল, লিভারপুলের ডিফেন্ডার জেরেমি জাকে, কোমোর মিডফিল্ডার লুকাস দা কুনহা, ইন্টার মিলানের অ্যান্ডি দিয়ুফ ও তুলুজের গোলরক্ষক গিয়োম রেস্ত প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন।

শুক্রবার ফরাসি ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে স্কোয়াড ঘোষণা করে জিদান বলেন, “তারা এখানে থাকার যোগ্য। আমি তাদের দেখতে চাই। সবাই খেলবে।”

আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে নেশন্স লিগে মাঠে নামবে ফ্রান্স। এরপর ২৮ সেপ্টেম্বর বেলজিয়ামের বিপক্ষে খেলবে তারা। ২ অক্টোবর ইতালিকে আতিথ্য দেওয়ার পর ৫ অক্টোবর আবার বেলজিয়ামের মুখোমুখি হবে ফরাসিরা।

নতুনদের মধ্যে ২১ বছর বয়সী জেরেমি জাকে বিশেষভাবে নজর কেড়েছেন। রেন থেকে গ্রীষ্মের দলবদলে প্রায় ৭ কোটি ইউরোতে লিভারপুলে যোগ দেওয়া এই ডিফেন্ডার মৌসুমের শুরুতেই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন।

এ নিয়ে জিদানের মন্তব্য, “আমি তার ধরনটা খুব পছন্দ করি। অনেক দিন ধরেই তাকে অনুসরণ করছি। কারণ, সে আমার ছেলের সঙ্গে যুব দলে খেলেছে।”

ইন্টার মিলানে মিডফিল্ডার হিসেবে খেললেও ফ্রান্সের হয়ে অ্যান্ডি দিয়ুফকে লেফট-ব্যাক হিসেবে খেলানোর পরিকল্পনা রয়েছে জিদানের। একই পজিশনে ফিরেছেন আদ্রিয়েন ত্রুফেরও। ২০২১ সালের পর জাতীয় দলে আর খেলা হয়নি তার।

রেনের হয়ে গত মৌসুমে লিগে ২০ গোল করা এস্তেবান লেপলও প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন। চলতি মৌসুমে ৪ ম্যাচে তিন গোল করেছেন তিনি। মৌসুমের শুরুতে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) বিপক্ষেও গোল করেছিলেন লেপল।

জিদান বলেন, “তার ধরনটা আমাদের পরিচিত খেলোয়াড়দের চেয়ে আলাদা। সে ছোট জায়গায় খেলতে পারে এবং গোল করতে পারে। আমি তাকে কাছ থেকে দেখতে চাই।”

তবে অভিজ্ঞদের মধ্যে করিম বেনজেমা ও এন’গোলো কান্তেকে দলে রাখেননি জিদান। ৩৮ বছর বয়সী বেনজেমার জাতীয় দলে ফেরার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন তিনি। ৩৫ বছর বয়সী কান্তের ক্ষেত্রেও তরুণদের নিয়ে নতুন দল গড়ার সিদ্ধান্ত নিয়েছেন ফরাসি কোচ।

কান্তে প্রসঙ্গে জিদান বলেন, “এটা তার মানের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। সে অসাধারণ একজন খেলোয়াড়। কিন্তু এগুলো আমার সিদ্ধান্ত। কান্তের বয়স ৩৫, তাই আমি ভিন্ন সিদ্ধান্ত নিয়েছি।”

বেনজেমাকে নিয়ে জিদানের মন্তব্য, “আমি করিমকে খুব ভালোবাসি। কিন্তু তার বয়সও এখন একটি বিষয়। আমাকে তরুণ খেলোয়াড়দের দেখতে হবে এবং আমরা একসঙ্গে কী করতে পারি, সেটা দেখতে হবে।”

জার্মানির মতো কিছু দল যেখানে বড় স্কোয়াড ঘোষণা করেছে, সেখানে জিদান ২৩ সদস্যের দলই রেখেছেন। তার যুক্তি, অতিরিক্ত খেলোয়াড় নিয়ে এসে কাউকে যেন গ্যালারিতে বসে থাকতে না হয়।

খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো জিদানের জাতীয় দলের সঙ্গে রয়েছে দীর্ঘ সম্পর্ক। ২০০০ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছিলেন তিনি।

এ নিয়ে জিদান বলেন, “এই দলের সঙ্গে আমার দারুণ এক বন্ধন রয়েছে।”

ফ্রান্সের হয়ে তার শেষ ম্যাচ ছিল ২০০৬ বিশ্বকাপের ফাইনাল। ইতালির বিপক্ষে সেই ম্যাচে পানেনকা স্টাইলে পেনাল্টি থেকে গোল করলেও অতিরিক্ত সময়ে মার্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে আঘাত করে লাল কার্ড দেখেন জিদান। সদ্য সমাপ্ত বিশ্বকাপের পরই দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হন তিনি।

ফ্রান্সের ঘোষিত স্কোয়াড:
গোলরক্ষক: মাইক মাঁনিয়াঁ, গিয়োম রেস্তে ও রবিন রিসের।
ডিফেন্ডার: অ্যান্ডি ডিয়ুফ, জেরেমি জাকে, পিয়ের কালুলু, ইব্রাহিমা কোনাতে, জুল কুন্দে, ম্যাক্সেন্স লাক্রোয়া, আদ্রিয়েন ত্রুফের ও দয়ো উপামেকানো
মিডফিল্ড: এদুয়ার্দো কামাভিঙ্গা, রায়ান শেরকি, লুকাস ডা কুনহা, মানু কোনে, আদ্রিয়েন রাবিও ও ওয়ারেন জাইর-এমেরি
ফরোয়ার্ড: ব্র্যাডলি বারকোলা, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, এস্তেবান লেপল ও মাইকেল ওলিসে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন