- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

পুলিশের সঙ্গে বৈঠকের পর সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সিলেটে সোমবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে ঘোষিত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেন পরিবহন শ্রমিক নেতারা। ফলে সোমবার থেকে সিলেট জেলায় বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাসসহ সব ধরনের গণপরিবহন স্বাভাবিকভাবে চলাচল করবে।

রোববার রাতে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ মো. ইমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরিবহন শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজনসহ সংগঠনের শীর্ষ নেতারা।

বৈঠক শেষে কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজন। তিনি জানান, সোমবার সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বানে যে কর্মবিরতির কর্মসূচি পালনের কথা ছিল, তা আপাতত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সিলেটের সর্বস্তরের পরিবহন শ্রমিকদের কাজে যোগদান এবং যানবাহন স্বাভাবিকভাবে চলাচল অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

এর আগে তিন দফা দাবিতে সোমবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছিল সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ। দাবিগুলোর মধ্যে ছিল পরিবহন শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের ব্যবস্থা এবং নগরীতে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম চলাচল বন্ধ করা।

জানা যায়, গত ১২ নভেম্বর রাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে মালিক সমিতির কার্যালয়ে সমন্বয় পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া হলে ১৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পরিবহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠন এ কর্মসূচির পক্ষে-বিপক্ষে অবস্থান নেয়। এতে সিলেটের পরিবহন খাতে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়।

তবে কর্মসূচি শুরুর আগেই পুলিশ প্রশাসনের সঙ্গে পরিবহন নেতাদের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত আসায় সম্ভাব্য জনদুর্ভোগ থেকে রক্ষা পাচ্ছেন সিলেটের সাধারণ যাত্রী, কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।

শ্রমিক নেতাদের পক্ষ থেকে পরিবহন চলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানানো হলেও তিন দফা দাবির বিষয়ে পরবর্তী সময়ে কী ধরনের উদ্যোগ নেওয়া হবে, সে বিষয়ে বৈঠকের বিস্তারিত সিদ্ধান্ত জানা যায়নি।

এদিকে ধর্মঘট প্রত্যাহারের খবরে সোমবার থেকে সিলেটের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়ক যোগাযোগ স্বাভাবিক থাকার প্রত্যাশা করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন