গ্রীষ্মের জনপ্রিয় ও সতেজ ফল তরমুজ শরীরকে হাইড্রেট রাখার পাশাপাশি পুষ্টিগুণেও সমৃদ্ধ। এতে প্রায় ৯৪ শতাংশ পানি, লাইকোপেন, পটাসিয়াম ও ফাইবার থাকায় এটি হজম ও শরীরের ভারসাম্য বজায় রাখতে সহায়ক। তবে বিশেষজ্ঞরা বলছেন, তরমুজ খাওয়ার ক্ষেত্রে শুধু পুষ্টিগুণ নয়—সময়ও গুরুত্বপূর্ণ বিষয়।
রাতে খেলে কী সমস্যা হতে পারে?
পুষ্টিবিদদের মতে, সন্ধ্যার পর বিশেষ করে রাতের দিকে তরমুজ খেলে কিছু মানুষের হজমে সমস্যা দেখা দিতে পারে। কারণ রাতে শরীরের হজম প্রক্রিয়া তুলনামূলকভাবে ধীর হয়ে যায়। তরমুজে থাকা উচ্চ পরিমাণ পানি ও প্রাকৃতিক চিনি ঘুমের আগে খেলে পেট ফাঁপা, ভারী লাগা বা অস্বস্তির কারণ হতে পারে। পাশাপাশি ঘন ঘন প্রস্রাবের প্রয়োজন হওয়ায় ঘুমেও ব্যাঘাত ঘটতে পারে।
কখন খাওয়া ভালো?
বিশেষজ্ঞরা জানান, তরমুজ খাওয়ার সবচেয়ে ভালো সময় দুপুরের দিকে—যখন হজম প্রক্রিয়া সবচেয়ে সক্রিয় থাকে। বিশেষ করে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে এটি খেলে শরীর বেশি উপকার পায়।
কারা বেশি সতর্ক থাকবেন?
কিছু ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি বলে মনে করছেন পুষ্টিবিদরা। যেমন—
যাদের হজমশক্তি দুর্বল
যাদের অ্যাসিডিটি বা পেট ফাঁপার সমস্যা আছে
ডায়াবেটিস রোগীরা
যারা ভারী রাতের খাবারের পর ফল খান
বিশেষজ্ঞদের মতে, তরমুজ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। তবে রাতের খাবারের পর বা ঘুমের ঠিক আগে এটি না খাওয়াই ভালো। দিনের বেলা বা হালকা খাবারের সময় তরমুজ খেলে এটি সবচেয়ে বেশি উপকার দেয়।
