- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

রিজিকের ফয়সালা হয় আসমানে

রিজিক মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্তে মানুষ রিজিকের মুখাপেক্ষী। খাদ্য, বস্ত্র, বাসস্থান, অর্থ-সম্পদ, সুস্থতা, পরিবার-পরিজন—সবকিছুই মানুষের জীবনধারণের অপরিহার্য উপকরণ। পৃথিবীর প্রতিটি প্রাণীর খাদ্য, বাসস্থান ও জীবনধারণের প্রয়োজনীয় উপকরণ সম্পর্কে তিনি অবগত। কে কোথায় জন্মগ্রহণ করবে, কীভাবে জীবনযাপন করবে এবং কোন উপায়ে তার রিজিকের ব্যবস্থা হবে—সবকিছুই তাঁর জ্ঞান ও নিয়ন্ত্রণাধীন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘ভূপৃষ্ঠে বিচরণকারী প্রতিটি প্রাণীর জীবিকার দায়িত্ব আল্লাহরই। তিনি জানেন তাদের স্থায়ী ও অস্থায়ী অবস্থান। সবকিছুই আছে সুস্পষ্ট কিতাবে।’ (সুরা : হুদ, আয়াত : ৬)

হালাল উপার্জনের চেষ্টা অব্যাহত রাখা

রিজিক নিয়ে মানুষের দুশ্চিন্তা ও প্রতিযোগিতার অন্যতম কারণ হলো অতিরিক্ত সম্পদের আকাঙ্ক্ষা। অনেক সময় মানুষ নিজের উপার্জনে সন্তুষ্ট হতে পারে না। অন্যের সম্পদ, সচ্ছলতা ও জীবনযাত্রার সঙ্গে নিজের অবস্থার তুলনা করে হতাশায় ভোগে। অধিক সম্পদের মোহে কেউ কেউ সুদ, ঘুষ, প্রতারণা, আত্মসাৎ, মিথ্যা ও নানা অবৈধ পন্থার আশ্রয় নেয়। অথচ একজন মুমিনের কাছে সম্পদের পরিমাণের চেয়ে তার উপার্জনের পবিত্রতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, ‘হে মানুষ! পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু রয়েছে, তা থেকে তোমরা আহার করো।’ (সুরা : বাকারা, আয়াত : ১৬৮)

রিজিক বণ্টনে সমতা না থাকার হিকমত

পৃথিবীর সব মানুষের আর্থিক অবস্থা এক রকম নয়। কেউ জন্ম থেকেই সচ্ছল পরিবারে বেড়ে ওঠে, আবার কেউ দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে জীবন অতিবাহিত করে। কারও ব্যবসায় প্রচুর লাভ হয়, কারও ব্যবসায় লোকসান আসে। কেউ অল্প পরিশ্রমে অনেক সম্পদ অর্জন করে, আবার কেউ দীর্ঘদিন পরিশ্রম করেও সীমিত উপার্জনে জীবন চালায়। এর পেছনে রয়েছে মহান আল্লাহর অসীম জ্ঞান, প্রজ্ঞা ও হিকমত। মানুষের সীমিত জ্ঞান দিয়ে সব সময় এর প্রকৃত রহস্য উপলব্ধি করা সম্ভব নয়। আল্লাহ বলেন, ‘আল্লাহ যদি তাঁর সব বান্দার জন্য রিজিক প্রশস্ত করে দিতেন, তাহলে তারা পৃথিবীতে অবশ্যই বিপর্যয় সৃষ্টি করত। কিন্তু তিনি তাঁর ইচ্ছামতো পরিমাণে রিজিক অবতীর্ণ করেন। নিশ্চয়ই তিনি তাঁর বান্দাদের সম্পর্কে সম্যক অবগত, সর্বদ্রষ্টা।’ (সুরা : শুরা, আয়াত : ২৭)

রিজিকের প্রাচুর্য ও সংকীর্ণতা উভয়ই পরীক্ষা

মানুষের মধ্যে একটি ভুল ধারণা প্রচলিত আছে—যার সম্পদ বেশি, আল্লাহ তার প্রতি বেশি সন্তুষ্ট; আর যে অভাব-অনটনে দিন কাটায়, আল্লাহ হয়তো তার ওপর অসন্তুষ্ট। অথচ ইসলামের দৃষ্টিতে এ ধারণা সঠিক নয়। সম্পদের প্রাচুর্য যেমন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, তেমনি অভাব-অনটনও পরীক্ষা। আল্লাহ বলেন, ‘আমি তাদের বিভিন্ন শ্রেণিকে পার্থিব জীবনের সৌন্দর্যস্বরূপ উপভোগের উপকরণ দিয়েছি, এর মাধ্যমে তাদের পরীক্ষা করার জন্য। তোমার রবের দেওয়া রিজিক উৎকৃষ্ট ও অধিক স্থায়ী।’ (সুরা : ত্বহা, আয়াত : ১৩১)

একজন প্রকৃত মুমিন কখনো অন্যের প্রাচুর্য দেখে হিংসা করে না কিংবা নিজের সীমিত উপার্জনের জন্য আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয় না। বরং সে হালাল উপার্জনের চেষ্টা করে, প্রাপ্ত নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বিপদ-আপদে ধৈর্য ধারণ করে। তাই আমাদের প্রার্থনা হওয়া উচিত—আল্লাহ যেন আমাদের হালাল, পবিত্র ও বরকতময় রিজিক দান করেন, হারাম থেকে হেফাজত করেন এবং তাঁর দেওয়া নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করার তাওফিক দান করেন। আমিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন