সিলেটের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য ছড়িয়ে শুরু হয়েছে ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
সিলেটের ১৩টি উপজেলা ও সিটি করপোরেশনসহ মোট ১৪টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এছাড়া সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ ক্রীড়া সংগঠক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতিভা অন্বেষণ, খেলাধুলার প্রসার এবং তরুণদের মাঠমুখী করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
উদ্বোধনের পরপরই মাঠে গড়ায় প্রতিযোগিতার প্রথম ম্যাচ। এতে মুখোমুখি হয় সিলেট সদর উপজেলা ও জৈন্তাপুর উপজেলা দল। প্রথম খেলা ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকদের প্রত্যাশা, ১৪ দলের অংশগ্রহণে এ প্রতিযোগিতা সিলেটের তৃণমূল পর্যায়ের ফুটবলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নতুন খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান এবং সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী। ১৯৩৪ সালের ৩ নভেম্বর সিলেটের জালালপুরে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালের ৬ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।