ইফতারে পানিশূন্যতা দূর করতে এবং শরীরকে সতেজ রাখতে তরমুজের শরবত হতে পারে দারুণ একটি পানীয়। তরমুজে প্রায় ৯২ শতাংশ পানি থাকে, যা সারাদিন রোজা রাখার পর দ্রুত তৃষ্ণা মেটাতে সাহায্য করে। গরমের সময় দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর শরীরে পানির ঘাটতি দেখা দেয়। এ সময় তরমুজের শরবত শরীরকে দ্রুত ঠান্ডা ও সতেজ করতে কার্যকর ভূমিকা রাখে।স্বাদে মিষ্টি, পানিতে ভরপুর ও তাজা তরমুজের জুস মুহূর্তেই এনে দেয় প্রশান্তি।
এছাড়া তরমুজে রয়েছে ভিটামিন ‘এ’ ও বিটা ক্যারোটিন, যা চোখ ও শরীরের জন্য উপকারী। এটি হজমে সহায়তা করে, পেট ঠান্ডা রাখে এবং শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। তাই ইফতারের টেবিলে তরমুজের শরবত হতে পারে স্বাস্থ্যকর ও রিফ্রেশিং একটি পানীয়
উপকরণ
১। তরমুজ কুঁচি ২ কাপ
২। চিনি ২ টেবিল চামচ
৩। বিট লবণ আধা চা চামচ
৪। লেবুর রস ২ চা চামচ
৫। বরফ কুঁচি
প্রণালি
এই শরবত বানানো যায় অল্প সময়েই। সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে ছেঁকে নিলেই তৈরি হয়ে যায় এই মজাদার ও স্বাস্থ্যকর শরবতটি। এবার স্বাদ বাড়ানোর জন্য আপনি এটিকে ফ্রিজে রাখতে পারেন অথবা পরিবেশন করতে পারেন বরফ কুচি দিয়ে।
