সিলেটের পর্যটনকেন্দ্র সাদাপাথরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তরুণ চিকিৎসক ডা. সুব্রত সাহা বিকাশ (৩৩)–এর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা উদ্ধার করেন। পরে পুলিশ, বিজিবি ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যান।
পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সাদাপাথরের জিরোপয়েন্ট সংলগ্ন ধলাই নদীর উৎসমুখে গোসল করতে নেমে প্রবল স্রোতে তলিয়ে যান ডা. সুব্রত সাহা বিকাশ। এরপর স্থানীয় লোকজন, প্রশাসন ও উদ্ধারকারী দলের সদস্যরা দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালালেও সেদিন তাঁর সন্ধান মেলেনি।
নিহত সুব্রত সাহা বিকাশ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তিনি তিন বন্ধুকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে সিলেট ভ্রমণে এসেছিলেন। আনন্দঘন সেই ভ্রমণ মুহূর্তেই রূপ নেয় শোকাবহ ঘটনায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সাদাপাথর সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র হলেও বর্ষা মৌসুমে ধলাই নদীর প্রবল স্রোত, গভীর খাদ এবং আকস্মিক পানির উচ্চতা বৃদ্ধি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। প্রতিবছর অসতর্কতা বা ঝুঁকিপূর্ণ স্থানে গোসল করতে নেমে দুর্ঘটনার খবর পাওয়া যায়। তাই পর্যটকদের প্রশাসনের নির্দেশনা মেনে চলা এবং নিরাপদ স্থান ছাড়া পানিতে না নামার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।