- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

সাংবাদিকদের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য: কবির সোহেল

সাংবাদিক সমাজের কল্যাণে নিবেদিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে নবগঠিত সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন। সংগঠনের আহ্বায়ক দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল বলেছেন, “বৃক্ষ তোমার নাম কী? ফলে পরিচয়। আমরা এই নীতিতেই বিশ্বাসী। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। বিশেষ করে সাংবাদিক সমাজের সার্বিক কল্যাণে কাজ করার মহান ব্রত নিয়েই আমাদের পথচলা শুরু হয়েছে।”

বুধবার (২২ জুলাই) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আহ্বায়ক কমিটির বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা পরিচালনা করেন সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব-এর সিলেট ব্যুরো প্রধান ফায়সাল আমীন।

সভায় সংগঠনের নিবন্ধন-সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং বিশিষ্ট অভিভাবকদের পরামর্শ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সংগঠনের নামে ‘ওয়েলফেয়ার’ শব্দটি সংযুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে সংগঠনের নতুন নাম নির্ধারণ করা হয়েছে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন।

সভায় শহীদ সাংবাদিক এটিএম তুরাবের রুহের মাগফিরাত কামনায় সদকায়ে জারিয়ার অংশ হিসেবে আগামী ৩০ আগস্ট ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান: আমাদের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা’ শীর্ষক একটি আলোচনা সভা আয়োজনেরও সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে চারটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্য সম্প্রসারণ, নিবন্ধন কার্যক্রম এবং সাংবাদিকদের পেশাগত ও সামাজিক কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় মুনশি ইকবাল, কাওছার আহমদ, শফিক আহমদ শফি, এমজেএইচ জামিল, সিন্টু রঞ্জন চন্দসহ আহ্বায়ক কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ৬ জুলাই সিলেট নগরের একটি অভিজাত রেস্তোরাঁয় সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। ওইদিন অনুষ্ঠিত সাধারণ সভায় দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেলকে আহ্বায়ক এবং দৈনিক ইনকিলাব-এর সিলেট ব্যুরো প্রধান ফায়সাল আমীনকে সদস্য সচিব করে ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন