সিলেটের বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক খয়রুজ্জামানকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বিয়ানীবাজার উপজেলা ছাত্রদল। সংগঠনের ভাষ্য, নাশকতা, ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের মামলায় জড়িত থাকা ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২০ জুলাই ২০২৬ তারিখে বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মিছবাহ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী নাশকতা, ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের মামলায় জড়িত ও দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে সম্পূর্ণ নিষ্ক্রিয় থেকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় খয়রুজ্জামানের বিরুদ্ধে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে। সিদ্ধান্তে অনুমোদন দেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সভাপতি এনামুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী।
এতে আরও বলা হয়, সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতা খয়রুজ্জামানের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তার অপকর্মের দায় সংগঠনের গ্রহণ করবে না।
