শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট রাইটস ফোরামের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৪টায় প্রশাসন ভবন-১ এর সংবাদ সম্মেলনে কক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম।
এ কুইজ প্রতিযোগিতায় সেরা ২২ জন মেধাবী শিক্ষার্থীকে ৩০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয় বলে জানান সংগঠনটির পরিচালক মো. মারুফ বিল্লাহ।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক মো. মতিয়ার রহমান ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুলফিকার ইসলাম, মো. মুস্তাকিন ইসলাম, সহ-সমাজসেবা সম্পাদক আশিকুর রহমান মারুফ, সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান এবং প্রচার সম্পাদক মকবুল হোসেন উপস্থিত ছিলেন।
এরআগে গত ৯ ও ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ কুইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।এতে বিশ্ববিদ্যালয়ের ৭০০-র অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন বলে জানান সংগঠনটির সদস্য মো. আফফান।
এ বিষয়ে ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মো: সোহাগ বলেন, “শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা, প্রতিযোগিতামূলক মনোভাব ও ইতিবাচক সংস্কৃতি এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রমাণ করেছে আমাদের ক্যাম্পাসে মেধা ও ইতিবাচক উদ্যোগের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে।”
