শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দ্বিতীয় দফায় ‘মাস্টারিং অ্যাকাডেমিক রাইটিং: ফ্রম প্ল্যানিং টু প্রোডাকশন’ শীর্ষক দুই দিনব্যাপী একাডেমিক রাইটিং প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
সোমবার ( ৮ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় সাস্ট রাইটিং সেন্টারের উদ্যোগে আইকিউএসি ভবনের কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। আগামী ৯ ডিসেম্বর বিকাল সাড়ে চারটা পর্যন্ত এ কর্মশালা চলবে।
এ প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কৃষি ও খনিজ বিজ্ঞান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি, জীববিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান অনুষদের মাস্টার্স, এমফিল ও পিএইচডিতে অধ্যয়নরত ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
রাইটিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মুরাদ বলেন, প্রশিক্ষণের লক্ষ্য হলো গবেষণা ও থিসিস লেখার মৌলিক ধারণা, কাঠামো এবং ভাষার শুদ্ধতা সম্পর্কে শিক্ষার্থীদের প্রস্তুত করা। অংশগ্রহণকারীরা থিসিসের গঠন, লিটারেচার রিভিউ করার কৌশল, উৎস ব্যবহারের নীতি, এবং একাডেমিক লেখার স্টাইল ও প্রবাহ উন্নত করার বিষয়গুলোতে হাতে-কলমে দিকনির্দেশনা পাবেন।”
