শাহজালালের (র.) মাজারে আজ ওরস শুরু হচ্ছে: বাদ্য বাজিয়ে গিলাফ ছড়াতে নিষেধাজ্ঞা

হযরত শাহজালালের (রহ.) ৭০৭তম ওরস মোবারক উপলক্ষে মাজারে বাদ্যযন্ত্র বাজিয়ে এবং নেচে-গেয়ে গিলাফ ছড়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
পুলিশের দাবি, শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার বিকালে মাজার এলাকা পরিদর্শনকালে এসএমপি কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী এ নির্দেশনা দেন। তিনি জানান, ভক্তরা নাইওরপুল পয়েন্ট থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে আসতে পারবেন। তবে মাজারের প্রধান প্রবেশপথের আগে নূরজাহান হোটেলের সামনেই এসব কার্যক্রম শেষ করতে হবে। এরপর অল্প কয়েকজন মিলে সুশৃঙ্খলভাবে মাজারে গিলাফ নিয়ে প্রবেশ করবেন।

ওরসকে কেন্দ্র করে মাজার এলাকায় গাঁজা সেবনসহ যেকোনো ধরনের ইসলাম বিরোধী ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এ জাতীয় অপচেষ্টা রোধে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সাদা পোশাকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

নগরীর যানজট নিরসনে ওরসে আসা ভক্তদের যানবাহন আলিয়া মাদ্রাসা মাঠে না রেখে এমসি কলেজ মাঠ এবং শাহী ঈদগাহ এলাকায় পার্কিং করার আহ্বান জানিয়ে কমিশনার বলেন, এতে নগরবাসী ও ভক্ত আশেকানরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।

৭ মে (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাওয়া এই ওরসকে সফল করতে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও জানান, মাজার এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে পবিত্র ওরস সম্পন্ন করা সম্ভব হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে এবং সুশৃঙ্খলভাবে ধর্মীয় এই অনুষ্ঠান পালনে সবার ঐকান্তিক সহযোগিতা কামনা করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন