শাহপরান মাজারে মদ বা মাদকসেবনের মতো অবৈধ কার্যক্রম বরদাস্ত করা হবে না: ডিসি

সিলেটের মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলার উদ্যোগ: শাহপরান (রহ.) মাজার পরিদর্শন করলেন জেলা প্রশাসক সারওয়ার আলম

সিলেটের ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে এবার হযরত শাহপরান (রহ.) মাজার পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

শুক্রবার জুমার নামাজের আগে তিনি মাজার এলাকায় পৌঁছে মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা, দান ব্যবস্থাপনায় আধুনিক ও সুশৃঙ্খল পদ্ধতি প্রবর্তন এবং অনৈতিক কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, ওলি-আউলিয়াদের এই পবিত্র ভূমিতে আল্লাহর বিশেষ রহমত রয়েছে—এ বিশ্বাস মানুষের হৃদয়ে গভীরভাবে প্রতিষ্ঠিত। তাই এসব ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্রকে আরও পরিকল্পিতভাবে উন্নয়ন করা প্রয়োজন। তিনি বলেন, মাজারকেন্দ্রিক একটি সমন্বিত মাস্টারপ্ল্যান থাকা উচিত, যেখানে মেডিকেল সেন্টার, নারীদের নামাজের আলাদা ব্যবস্থা, পর্যাপ্ত নিরাপত্তা ও সুশৃঙ্খল অবকাঠামো অন্তর্ভুক্ত থাকবে।

তিনি আরও বলেন, “মানুষ দান করতে চায়, কিন্তু তারা চায় তাদের দানের অর্থ সঠিকভাবে ব্যবহৃত হোক এবং এতে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকুক। কোনো অনিয়ম হলে মানুষের আস্থা নষ্ট হয়। তাই স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।”

মাজার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ধর্মীয় এসব পবিত্র স্থানের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব অবশ্যই স্বচ্ছ ও নিয়মিতভাবে প্রকাশ করতে হবে। তিনি সতর্ক করে বলেন, মাজার এলাকায় কোনোভাবেই মদ বা মাদকসেবনের মতো অবৈধ কার্যক্রম বরদাস্ত করা হবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, “আমরা চাই এই পবিত্র স্থানগুলোতে এমন পরিবেশ তৈরি হোক, যেখানে প্রবেশ করলেই মানুষের মনে আধ্যাত্মিকতা ও পবিত্রতার অনুভূতি জাগে।”

জেলা প্রশাসক জানান, মাজারের দানের অর্থ সরকার গ্রহণ করবে না; তবে দান সংগ্রহের প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে সুশৃঙ্খল ও বাক্সনির্ভর পদ্ধতির মাধ্যমে পরিচালনা করা হবে। হাতে হাতে দান গ্রহণের পরিবর্তে নির্ধারিত দানবাক্সের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

এর আগে বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) মাজারে দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার লক্ষ্যে দানবাক্স স্থাপন করা হয় এবং মাজারে থাকা তিনটি দান-ডেগ সিলগালা করা হয়। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্য মোতায়েন করা হয়।

এ উদ্যোগকে কেন্দ্র করে কিছু ভক্ত-অনুরাগীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। বৃহস্পতিবার রাতে শাহজালাল (রহ.) মাজার এলাকায় হাজারো ভক্ত-অনুরাগী বিক্ষোভও করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাজারের দান সংগ্রহ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরাপদ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যাতে ধর্মীয় এই স্থানগুলোর প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধা আরও সুদৃঢ় হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন