সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপির পরিচিত নেতা জুনেদ তালুকদার। হাওরবেষ্টিত শাল্লার অবহেলিত জনপদের উন্নয়ন, সাধারণ মানুষের জীবনমানের পরিবর্তন এবং তৃণমূলের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিতে চান।
জুনেদ তালুকদার সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও শাল্লা উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান।
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক কারণে জুনেদ তালুকদার বিভিন্ন মামলার আসামি হয়েছেন। আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার কারণে একাধিকবার কারাবরণ ও হয়রানির শিকার হয়েছেন বলেও দাবি করেন তার অনুসারীরা।
জুনেদ তালুকদার বলেন, শাল্লার মানুষ দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। বিশেষ করে হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। জনগণের পাশে থেকে এসব সমস্যা সমাধানে কাজ করতে চান তিনি।
তিনি আরও বলেন, শাল্লার হাওরপাড়ের মানুষের জীবনমানের উন্নয়ন ও এলাকার সার্বিক পরিবর্তন আমার অন্যতম লক্ষ্য। জনগণের সমর্থন ও সহযোগিতা পেলে দলীয় সিদ্ধান্তের আলোকে নির্বাচনে অংশ নিয়ে শাল্লার উন্নয়নে কাজ করতে চাই।
জুনেদ তালুকদার নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে দলীয় সিদ্ধান্তের পাশাপাশি সাধারণ মানুষের মতামত ও সমর্থনকে গুরুত্ব দেওয়ার কথা জানান। একই সঙ্গে দল-মত নির্বিশেষে শাল্লার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
