হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের আওতাধীন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় সভা ও থানা পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ ঢাকা হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশন) মোহাম্মদ আব্দুল মাবুদ।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি (অপারেশন) মোহাম্মদ আব্দুল মাবুদ। মতবিনিময়কালে ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ থানার সকল অফিসার ও ফোর্সদের পদমর্যাদা অনুযায়ী সার্বিক কল্যাণ, দাপ্তরিক সমস্যা ও দায়িত্ব পালনের বিষয়ে বক্তব্য শ্রবণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও হাইওয়ে নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম এবং সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ।
মতবিনিময় সভা শেষে ডিআইজি (অপারেশন) শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং থানার অফিসার ও ফোর্সদের কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
এর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে তিনি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার আওতাধীন অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের চেকপোস্ট কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন পরিবহনের যাত্রী, চালক ও হেলপারদের সঙ্গে কথা বলেন এবং হাইওয়ে পুলিশের দায়িত্ব ও সেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
