হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ৫৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প)-এর একটি চৌকস দল শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর রেলক্রসিং এলাকায় চেকপোস্ট বসায়। মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১২-২১১৩) সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। গাড়ি থামামাত্র ভেতরে থাকা এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে পিকআপ ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ভেতরের বডিতে বিশেষ কায়দায় লুকানো ৩টি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে নীল রঙের পলিথিনে খাকি স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৫৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ রুবেল মিয়া (৩০)। সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রুবেল স্বীকার করেছে যে, সে তেলিয়াপাড়া চা বাগান সংলগ্ন ভারতের সীমান্ত এলাকা থেকে এই গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে পিকআপে করে নিয়ে যাচ্ছিল।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
