- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

শায়েস্তাগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উদ্যোগ বিকাশের লক্ষ্যে পরিচালিত ব্র্যাকের “Unlocking Financial Solutions for Youth Enterprise Development” প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আরিফুর রহমান শান্ত।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ইউএনও আরিফুর রহমান শান্ত বলেন, ব্র্যাকের এই দক্ষতা উন্নয়ন কর্মসূচিটি স্থানীয় যুব উদ্যোক্তা সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তরুণ উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও সহজ শর্তে আর্থিক সেবার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে আমাদের স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী ও গতিশীল হবে। তিনি প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি নবীন ও উদীয়মান উদ্যোক্তাদের জন্য ব্র্যাককে বিশেষ ঋণ সুবিধা চালুর আহ্বান জানান।

হবিগঞ্জ ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (BDC) আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য দেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির (SDP) ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীমঙ্গলের ডিস্ট্রিক্ট ম্যানেজার আসমা উল হুসনা।

অনুষ্ঠানে সমাপনী প্রতিবেদন উপস্থাপন করে যুব উদ্যোক্তাদের আর্থিক সেবার পরিধি বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং একটি টেকসই উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সাথে প্রকল্পের সার্বিক কার্যক্রম, অর্জন, অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উক্ত সমাপনী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তা, স্থানীয় ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি, প্রকল্পের ক্লায়েন্ট ও মেন্টরগণ। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীগণ।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাক এসডিপি প্রমিজ (শায়েস্তাগঞ্জ শাখা)-এর অ্যাসোসিয়েট অফিসার মোঃ শাহাদাত হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন