শায়েস্তাগঞ্জে দুইজনের এক বছর কারাদণ্ড

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় মাদকসেবন ও মাদক ব্যবসার অভিযোগে স্থানীয় জনতার হাতে আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসী সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাদের উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত উভয় অভিযুক্তকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব লেজ্জাপাড়া এলাকার সুমন মিয়া (৩৫), পিতা: আব্দুল হামিদ এবং বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের কাইটপাড়া গ্রামের মো. মকসুদ মিয়া (৩৭), পিতা: মৃত আব্দুল জলিল।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শান্ত বলেন, “মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনসচেতনতার পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ফাহিম হোসেন বলেন, “মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। জনসাধারণের সহযোগিতায় শায়েস্তাগঞ্জকে মাদকমুক্ত করা সম্ভব।”

অভিযানে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা মাদকবিরোধী অভিযান আরও জোরদার করে শায়েস্তাগঞ্জকে মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন