হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের এক বিশেষ অভিযানে একটি হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি ফারুক মিয়াকে (৫০) গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) ভোররাত আনুমানিক ৩ ঘটিকার সময় চুনারুঘাট থানা এলাকার রানিরকুট গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত ফারুক মিয়া শায়েস্তাগঞ্জ থানার ১১নং ব্রাহ্মণডোরা ইউনিয়নের ব্রাহ্মণডোরা গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ জুলাই দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক টিম বিশেষ অভিযানে নামে। পরে চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় চুনারুঘাট থানাধীন ২নং আহম্মদাবাদ ইউনিয়নের রানিরকুট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে স্থানীয় সবুজ মিয়ার বসতঘর থেকে আত্মগোপনে থাকা অবস্থায় মামলার প্রধান আসামি ফারুক মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গত ২৯ জুন ২০২৬ তারিখে শায়েস্তাগঞ্জ থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার প্রধান এজাহারনামীয় আসামি ছিলেন এই ফারুক মিয়া। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আজ শনিবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
