- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

শায়েস্তাগঞ্জে হুইপ আলহাজ্ব জি কে গউছের দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সারাদিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ।

বুধবার (২৫ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন হুইপ আলহাজ্ব জি কে গউছ। এ সময় ১২টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ২৪ বান্ডিল ঢেউটিন এবং ৭২ হাজার টাকা বিতরণ করা হয়। পরিবার প্রতি ২ বান্ডিল ঢেউটিনের পাশাপাশি নগদ ৬ হাজার টাকা করে তুলে দেওয়া হয়।

​এরপর তিনি উপজেলা আইনশৃঙ্খলা সভা এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন। সভাগুলোতে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।

​মিটিং শেষে হুইপ আলহাজ্ব জি কে গউছ শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ পুরাসুন্দা নিবাসী, নূরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক মেম্বার মো. নুরুল ইসলাম এংরাজের পিতা হাজী মো. সিদ্দিক আলীর জানাজায় অংশ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

​জানাজা শেষে তিনি শায়েস্তাগঞ্জের বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি করম আলীর অসুস্থতার খবর পেয়ে তার বাড়িতে যান। অসুস্থ এই নেতার খোঁজখবর নেন এবং তার সাথে কুশল বিনিময় করেন।

​দিনব্যাপী এসব কর্মসূচি শেষে বিকেল পাঁচটায় শায়েস্তাগঞ্জ উপজেলা ত্যাগ করেন হুইপ আলহাজ্ব জি কে গউছ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন