শায়েস্তাগঞ্জে পৌরসভার টোলের নামে চাঁদাবাজি, যুবক আটক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগে জহুরুল ইসলাম আফিল উদ্দিন (২৬) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল পৌনে ৬টার দিকে শায়েস্তাগঞ্জ পুরানবাজার বাইপাস সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আফিল উদ্দিন শায়েস্তাগঞ্জ উপজেলার কুঠিরগাঁও গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। পরে তাকে হবিগঞ্জ সদর সেনা ক্যাম্পে নেওয়া হয়েছে।

সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় পৌরসভার টোল আদায়ের নামে পরিবহনসহ বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ আসছিল। এরই প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে সেনাবাহিনী অভিযান চালিয়ে পুরানবাজার বাইপাস এলাকা থেকে আফিল উদ্দিনকে হাতেনাতে আটক করে। এ ঘটনার পর ইয়াসিন খান নামে এক ব্যক্তি নিজেকে পৌরসভার টোল ইজারাদার দাবি করেন। তবে আদায়ের প্রক্রিয়া ও ইজারার বৈধতা যাচাই করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নথিপত্রসহ সেনা ক্যাম্পে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সেনাবাহিনী সূত্রে আরও জানা যায়, জমা দেওয়া ইজারার কাগজপত্র পর্যালোচনা করা হচ্ছে। যদি ইজারার আড়ালে অবৈধ চাঁদাবাজির প্রমাণ পাওয়া যায়, তাহলে আটককৃতের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, টোলের নামে দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হলেও প্রতিকারের অভাবে তারা নীরব ছিলেন। সেনাবাহিনীর এই পদক্ষেপে তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

উল্লেখ্য, এরআগে একটি ট্রাক থেকে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনার পরই সেনাবাহিনী অভিযান চালিয়ে আফিল উদ্দিনকে আটক করে। রাত ১০ টার সময় রিপোর্ট লেখাকালে আফিল সেনাবাহিনীর হেফাজতে ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন