শায়েস্তাগঞ্জে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, জরিমানা 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ব্যবসায়ীদের কাছ থেকে মোট ১৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে দাউদনগর বাজারের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছিল। বিষয়টি স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হলে উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফজলে রাব্বানী চৌধুরী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এর আগে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে ব্যবসায়ীদের সতর্ক করা হলেও অনেকেই নির্দেশনা অমান্য করে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা অব্যাহত রাখেন। ফলে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদ করে এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

আজ পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফজলে রাব্বানী চৌধুরী। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সড়ক পরিবহন আইন ও স্থানীয় সরকার (পৌরসভা) আইনে বিভিন্ন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার ৭০০ টাকা জরিমানা করেন। অভিযানে উপজেলা প্রশাসন, পৌরসভা কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় স্থানীয় নাগরিকরা উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বানী চৌধুরীর প্রশংসা করেছেন। তাদের মতে, প্রশাসনের এ উদ্যোগ বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং সাধারণ মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ করবে।

সংশ্লিষ্টরা জানান, সুন্দর, পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও যানজটমুক্ত শায়েস্তাগঞ্জ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন