হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় পাঁচটি হোটেলকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার অলিপুরসহ বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, খাদ্যের মান নিম্ন হওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগে এই জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, হোটেল আল সোহাগ, ফারদিন মারদিন, অলিপুরের স্টার হোটেল, সুন্দরবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং মক্কা হোটেল।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান শান্ত। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
এ বিষয়ে উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বাস্থ্য রক্ষা এবং ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের কঠোর ও শাস্তিমূলক অভিযান অব্যাহত থাকবে।
এদিকে দুপুরের এই আকস্মিক অভিযানের পর স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মাঝে ব্যাপক সচেতনতা লক্ষ্য করা গেছে। সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
