শায়েস্তাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ৭ নম্বর নুরপুর ইউনিয়নের সুতাং শ্রীরামপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে মোট ৯টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং আগুনের বিস্তার রোধে পরিস্থিতির কারণে ৭টি ঘর ভেঙে ফেলতে হয়। এ ঘটনায় ২ থেকে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিসের কর্মীদের দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষয়ক্ষতির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। সময়মত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলেও তারা মন্তব্য করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন