লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের আয়োজনে বিখ্যাত ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়াম শেকসপিয়ারের জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ “A Day with the Bard of Avon Shakespeare Birthday Celebration” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই এবং বিশেষ অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন উপস্থিত ছিলেন।
ইংরেজি ভাষার সর্বকালের সেরা লেখক উইলিয়াম শেকসপিয়ার উল্লেখ করে সৈয়দ আব্দুল হাই বলেন, তিনি ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, কবি এবং পৃথিবীর অন্যতম সেরা নাট্যকার। শেকসপিয়ারের জন্মদিন উদযাপন করার জন্য তিনি ইংরেজি বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
শেকসপিয়ারের সৃষ্টিকর্ম সমাজকে ইতিবাচকভাবে পরিবর্তন করে উল্লেখ করে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, শেকসপিয়ারকে অনেক সময়ই ইংল্যান্ডের জাতীয় কবি এবং “দ্য বার্ড অফ অ্যাভন” বলা হয়। তিনি আরো বলেন, তাঁর রচনাগুলো পৃথিবীর সকল প্রধান ভাষায়ই অনূদিত হয়েছে এবং আজও তার নাটক অত্যন্ত জনপ্রিয় ও বহুচর্চিত।
কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, কলোনিয়াল থেকে আজ পর্যন্ত জীবন, সংস্কৃতি এবং সমাজের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সারা বিশ্বের নানা স্থানের সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নানা আঙ্গিকে শেকসপিয়ারের নাটকগুলি মঞ্চস্থ ও ব্যাখ্যাত হয়ে থাকে।
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মিসেস শাম্মি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্য প্রদান করেন ইংরেজি বিভাগের প্রভাষক এনাম আহমেদ।
ইংরেজি বিভাগের ৬৭তম ব্যাচের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহার সঞ্চালনায় অনুষ্ঠানে সনেট উপস্থাপন করেন শিক্ষার্থী আয়শা তালুকদার ৬৫তম ব্যাচ, খাদিজা আক্তার ৬৪তম ব্যাচ , সামিয়া ইসলাম ৬৬তম ব্যাচ, সলিলকিতে ছিলেন তৃষা দেবনাথ ৬৩তম ব্যাচ। উইলিয়াম শেকসপিয়ারের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন ৬১তম ব্যাচের শিক্ষার্থী অহনা আনজুম জুঁই। কুইজ প্রতিযোগিতায় প্রথম ৬১তম ব্যাচের শিক্ষার্থী অহনা আনজুম জুঁই, দ্বিতীয় সামিহা আবিদা চৌধুরী এবং তৃতীয় নমিতা ভট্টাচার্য অরচি।
