- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

শেওলা-জকিগঞ্জ সড়কের কাজের মান নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন

সিলেটের জকিগঞ্জে শেওলা-জকিগঞ্জ সড়কের পুনর্নির্মাণকাজ নির্ধারিত প্রাক্কলন অনুযায়ী সম্পন্ন এবং দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের সরাসরি তদারকি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ২টায় জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের জামডহর সমিলের সামনে শেওলা-জকিগঞ্জ রাস্তা সংস্কার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পরিষদের প্রধান উদ্যোক্তা ও বীরশ্রী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদ ফারহান, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল মামুন কয়ছর, বীরশ্রী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম ওয়াজেদ, জমিয়তে উলামায়ে ইসলামের সিলেট জেলা শাখার সহসভাপতি মাওলানা রুহুল আমিন, বড়পাথর মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল গনি, পরিষদের সমন্বয়ক কাজী বদরুল ইসলাম, দেলোয়ার হোসেন পাশা, মাওলানা আলী হুসেন, ডা. কয়েছ আহমেদ চৌধুরী, সেবুল আহমদ, আমজাদ হোসেন, বরকতপুর মান্নানীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু সায়িদ মো. আশিক ও সংগীতশিল্পী মাহফুজুর রহমান মারুফসহ অন্যরা।

সংবাদ সম্মেলনের আগে জামডহর সমিলের সামনে সড়কের সংস্কারকাজে ৩ ও ৪ নম্বর ইট ব্যবহারের অভিযোগ তুলে এক স্থানীয় যুবক প্রতিবাদ করেন। এ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁর বিতর্ক হয়। ঘটনাটি সড়কের নির্মাণসামগ্রীর মান ও কাজের স্থায়িত্ব নিয়ে আলোচনার জন্ম দেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেওলা-জকিগঞ্জ সড়কের ১৭ কিলোমিটার সংস্কারকাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তিনজন ঠিকাদার কাজ পেয়েছেন। এ কাজে সংসদ সদস্য মুফতি আবুল হাসানের প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়েছে। তবে কাজের মান নিশ্চিত করতে ঠিকাদারদের দায়িত্বশীলতা এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। জনগণের অর্থে বাস্তবায়িত এ সড়কের কাজ নির্ধারিত প্রাক্কলন ও মান অনুযায়ী সম্পন্ন করার দাবি জানিয়েছেন পরিষদের নেতৃবৃন্দ। তবে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগের সত্যতা এবং কাজের নির্ধারিত শর্ত অনুসরণ করা হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন