ব্রাজিলের জন্য শেষ ষোলোতে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সেলেসাওদের প্রতিপক্ষ ডার্ক হর্স নরওয়ে। যে দলের বিপক্ষে ইতিহাসের পাতায় আজ পর্যন্ত একবারও জয়ের মুখ দেখেনি সেলেসাওরা। আজ দিবাগত রাত ২টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। একদিকে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, ব্রুনো গিমারায়েসদের ব্রাজিল। অন্যদিকে আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ডের নরওয়ে। লাতিন সাম্বা আর স্ক্যান্ডিনেভিয়ান শক্তির এই লড়াই ঘিরে তাই বাড়ছে উত্তেজনা।
কাগজে-কলমে অবশ্য এগিয়ে ব্রাজিলই। ফিফা র্যাঙ্কিংয়ে সেলেসাওরা রয়েছে পঞ্চম স্থানে, নরওয়ের অবস্থান ২১। সাম্প্রতিক ফর্মও কথা বলছে ব্রাজিলের পক্ষেই। শেষ পাঁচ ম্যাচে চারটি জয় ও একটি ড্র করেছে আনচেলত্তির দল। অন্যদিকে নরওয়ের ঝুলিতে রয়েছে তিন জয়, একটি ড্র ও একটি হার।
মুখোমুখি লড়াইয়ের ইতিহাস সেলেসাওদের জন্য অস্বস্তির হলেও, জনপ্রিয় পরিসংখ্যান প্রতিষ্ঠান ওপ্টা সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে কার্লো আনচেলত্তির দল। ২৫ হাজারবার ম্যাচের সম্ভাব্য ফলাফল সিমুলেশন করে ওপ্টা জানিয়েছে, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬%।
বিপরীতে আর্লিং হালান্ডের নরওয়ের জয়ের সম্ভাবনা মাত্র ২২.৪%, আর ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৪%। সব মিলিয়ে শেষ আটে ওঠার দৌড়ে ব্রাজিল ৬৫.৬% ও নরওয়ে ৩৪.৫% সম্ভাবনা নিয়ে মাঠে নামবে। এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অথবা মেক্সিকোর মুখোমুখি হবে।
