- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

শিবাঙ্গী সিংয়ের বিয়েতে চার লাখ লোকের খাবারের আয়োজন..

আগামী ২৫ নভেম্বর ভারতের বিহারের মোকামার বিধায়ক তথা আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ‌‘ছোট সরকার’ নামে পরিচিত ‘বাহুবলী’ অনন্ত সিংয়ের ছোট মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিবাহ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাত্র বিহটার রামকৃষ্ণ নগরের বাসিন্দা ও বর্তমানে যুক্তরাষ্ট্রে কর্মরত প্রযুক্তিবিদ ঋষিকেশ কুমার। নিজেদের পৈতৃক গ্রাম লাদমায় বেশ জোরেশোরে চলছে এই রাজকীয় বিয়ের বিশাল আয়োজন।

খবর অনুযায়ী, প্রায় চার লাখ অতিথির খাবারের বন্দোবস্ত করা হচ্ছে, যা ভারতের অনেক ছোট শহরের মোট জনসংখ্যার সমান।

বিয়ের মূল আচার ও আনুষ্ঠানিকতার জন্য উত্তরপ্রদেশের মউ জেলা থেকে আসা কারিগরদের দিয়ে প্যান্ডেল এবং মালাবদলের বিশাল মঞ্চ তৈরির কাজ চলছে। আগামী ২০ নভেম্বরের মধ্যে প্যান্ডেলের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিয়েতে আগত ভিভিআইপি অতিথিদের জন্য পৃথক প্যান্ডেলের বন্দোবস্ত রাখা হচ্ছে। পাশাপাশি বর-কনের বসার জন্য নির্মিত হচ্ছে ১০০ ফুট দীর্ঘ একটি ঢালাই করা সুসজ্জিত মঞ্চ, যা তৈরি করতে প্রায় ১৫০ কুইন্টাল সাজসজ্জার উপাদান ব্যবহার করা হবে।

বিয়ের সমস্ত আনুষ্ঠানিক পর্ব শেষে বরপক্ষের নিজস্ব নিবাস বিহটায় নববধূকে নিয়ে যাওয়া হবে, যেখানে বিয়ের পর বর-কনের জন্য এক নতুন আবাসস্থল গড়ে তোলা হয়েছে। বিয়ের বরযাত্রী বিহটা থেকে মোকামার লাদমা গ্রামে রওনা দেবে।

বিয়েতে রাজনৈতিক অঙ্গন ও বিনোদনজগতের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছে। সোনু সুদ, মনোজ তিওয়ারি, মৈথিলী ঠাকুর, অক্ষরা সিং এবং পবন সিংসহ বলিউড ও ভোজপুরি জগতের অন্তত তিন ডজন খ্যাতনামা তারকার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন অনন্ত সিং।

নিজের এই বিশাল আয়োজন সম্পর্কে এক সাক্ষাৎকারে সংবাদ সংস্থা এএনআই-কে অনন্ত সিং বলেন, সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। কেবল বিহার নয়, সমগ্র ভারত এবং এমনকি পাকিস্তান থেকেও অতিথিরা আসছেন। সরকারি ও বিরোধী—উভয় শিবিরের রাজনৈতিক নেতাদেরকেই কার্ড পাঠানো হয়েছে। বিয়ের অনুষ্ঠানে কোনো শাসক বা বিরোধীপক্ষ বলে কিছু থাকে না। দেশ-বিদেশের নানা শিল্পী আসছেন এবং প্রধানমন্ত্রী মোদিকেও আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র দেওয়া হচ্ছে।

রাজনৈতিক ও সামাজিক আমেজ থাকলেও এই বর্ণাঢ্য বিয়ের আবহ পেরোতেই আইনি জটিলতায় পড়তে হতে পারে বিধায়ককে। দুলার চাঁদ যাদব হত্যা মামলায় অভিযুক্ত হয়ে গত বছর অক্টোবরে গ্রেফতার হওয়ার পর মার্চ মাসে তিনি জামিনে মুক্ত পান। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিয়ের মাত্র ছয় দিন পর অর্থাৎ ১ ডিসেম্বরের মধ্যে তাকে পুনরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে হবে।

সম্প্রতি রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করে শিরোনামে আসেন অনন্ত সিং, যেখানে তিনি স্বীকার করেছিলেন যে অতীতে তিনি নয়জন মানুষকে হত্যা করার নেপথ্যে ছিলেন। পরবর্তীতে তিনি সে বক্তব্য প্রত্যাহার করে নেন। তার দাবি, সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের শাসনামলে তার নয়জন সহকর্মী প্রাণ হারিয়েছিলেন এবং তিনি নিজেও গুলিবিদ্ধ হয়েছিলেন, যা ভুলভাবে সংবাদমাধ্যমে উপস্থাপন করা হয়েছে।

তবে তার এমন মন্তব্যের পর দূরত্ব বজায় রেখে বিশৃঙ্খলা ও অনিয়মের দায়ে অনন্ত সিংকে টানা ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করে তার দল জনতা দল ইউনাইটেড। সব বিতর্ক সত্ত্বেও বর্তমানে মেয়ে শিবাঙ্গী ও জামাতা ঋষিকেশের বিয়ে কেন্দ্র করে উৎসবের মেজাজে ভাসছে লাদমা গ্রাম।

সূত্র: এনডিটিভি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন