লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের “লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাব” এর আয়োজনে টিএইচএম-ভাইকিং টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
এ টুর্নামেন্টে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা ফুটবলসহ বিভিন্ন ধরনের আউটডোর এবং ইনডোর খেলায় অংশগ্রহণ করে।
টিএইচএম-ভাইকিং টুর্নামেন্ট -২০২৬ (সিজন -৪) এবং ব্যাচ অব দ্য ডিপার্টমেন্ট এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিকাল ২টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারী-১ এ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের একাডেমিক রেজাল্টের পাশাপাশি অন্যান্য দক্ষতাও থাকতে হবে। তিনি বলেন, দেশের নেতৃত্ব দিতে হলে শিক্ষার্থীদের জ্ঞানার্জন করা যেমন প্রয়োজন তেমনি সমাজের জন্য কিছু করতে হলে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পরিশেষে তিনি লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর দক্ষ মানব সম্পদ তৈরির স্বপ্ন বাস্তবায়নে লিডিং ইউনিভার্সিটি এগিয়ে যাচ্ছে উল্লেখ করে লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা আগামীতে দেশ ও জাতির সেবা করবে এ প্রত্যাশা ব্যক্ত করেন।
ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১২টি ব্যাচের মধ্যে ১৯তম এবং ২০তম ব্যাচ যৌথভাবে সেরা ব্যাচ অব দ্য ডিপার্টমেন্ট নির্বাচিত হয়েছে। টিএইচএম-ভাইকিং টুর্নামেন্ট-২০২৬ এর ফুটবলে চ্যাম্পিওন হয়েছে ২০তম ব্যাচ।
লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন “লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাব” এর উপদেষ্টা সাজেদুল ইসলাম সরকার।
টুর্নামেন্টের লুডু খেলায় বিজয়ী হয়েছেন শিক্ষার্থী মিনহাজ উদ্দিন মাহদি, উনো খেলায় সৌরভ দেব, ক্যারম (ফিমেল) ত্রিশা দে পুজা, ক্যারম (মেইল) সাইফ আহমেদ লিমন এবং আলফি শামিম আদিব, মিউজিকেল চেয়ার (মেইল) আলফি শামিম আদিব, মিউজিকেল চেয়ার (ফিমেল) এ বিজয়ী সায়মা, দড়ি টান এ ১৯তম ব্যাচ, এবং পাতিল ভাংগায় প্রসেনজিৎ।
ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সাইফ ইসলাম এবং অরিন্দিতার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্পনসর প্রতিষ্ঠান ইউনিফাই এন্ড স্টাডি গাইডের প্রতিনিধি মাহদি আহমেদ চৌধুরী, ট্যুরিস্ট ক্লাব এর প্রেসিডেন্ট সাইফ আহমেদ লিমন, এবং জেনারেল সেক্রেটারি আব্দুল্লা ইসলাম। অনুষ্ঠানে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং ট্যুরিস্ট ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
