হবিগঞ্জের বানিয়াচংয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ শিক্ষক সমিতি, বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে মেধা বিকাশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
তিনি বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষার্থীদের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের। আধুনিক শিক্ষা পদ্ধতির আলোকে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি বিশ্ব পরিস্থিতির নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য করে তুলতে হবে। শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করা হয়েছে। শিক্ষকদের বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি পেয়েছি। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ শিক্ষকদের অন্যান্য দাবির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জাতীয় সংসদে তুলে ধরব। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সেলিম ভূঁইয়া এবং শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সঙ্গে কথা বলব।
বাংলাদেশ শিক্ষক সমিতি, বানিয়াচং উপজেলা শাখার সভাপতি ও রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোফাজ্জল হোসেন মুকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমিন। তিনি শিক্ষকদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। আগামী এসএসসি পরীক্ষায় বানিয়াচং উপজেলার ফলাফল হবিগঞ্জ জেলার উপজেলাগুলোর মধ্যে সেরা করার লক্ষ্যে শিক্ষকদের প্রতিশ্রুতি নেন তিনি।
ফরিদা নাজমিন বলেন, প্রধান শিক্ষকদের যথাসময়ে প্রতিষ্ঠানে উপস্থিত থাকা এবং দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির মধ্যে আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকলে শিক্ষার পরিবেশ উন্নত হবে এবং শিক্ষার মান বাড়বে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ নুরুল হোদা, সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ লুৎফুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি ও বিজিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভিন আক্তার এবং ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব মানিক।
শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সমিতির সহসাধারণ সম্পাদক ও হানিফ খান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম আহমদ তালুকদার এবং সহ সাধারণ সম্পাদক মহারত্নপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফেজ মুফতি শাব্বীর আহমদ শিবলী নোমানী। কর্মচারীদের মধ্যে বক্তব্য দেন বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক কবির আহমদ ও উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক পারভেজ আহমদ।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পাঁচজন শিক্ষককে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় শিক্ষক সমিতির নেতারা প্রধান অতিথির হাতে এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন দাবিদাওয়া সংবলিত স্মারকলিপি তুলে দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এতে উপজেলার ২৭টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে, বিকেল ৩টায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নেতাদের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির কার্যক্রম আরও গতিশীল করা এবং তহবিল শক্তিশালী করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
