সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে শ্রীশ্রী জন্মাষ্টমী। এ উপলক্ষে আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় ইসকন সিলেট মন্দির থেকে বের হয় বর্ণাঢ্য জন্মাষ্টমী শোভাযাত্রা।
শোভাযাত্রাটি নগরের রিকাবীবাজার ও লামাবাজার হয়ে মির্জাজাঙ্গালে গিয়ে সার্বজনীন জন্মাষ্টমী পরিষদ সিলেট মহানগরের শোভাযাত্রার সঙ্গে যুক্ত হয়।
মির্জাজাঙ্গালে পৌঁছানোর পর বেলুন উড়িয়ে সম্মিলিত শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় সার্বজনীন জন্মাষ্টমী পরিষদ সিলেট মহানগরের আহ্বায়ক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি শ্রী নীহার রঞ্জন দাস প্রধান অতিথি আব্দুল কাইয়ুম চৌধুরীকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করে তাঁর অনুসারীরা দেশ ও জাতির জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। শ্রীকৃষ্ণের শিক্ষা ও আদর্শ ধারণ করে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমাজের কল্যাণে কাজ করতে হবে।
তিনি বলেন, সিলেট সম্প্রীতির নগরী। এখানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সহাবস্থান ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করে আসছেন। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে সম্প্রীতির এই বন্ধনকে আরও সুদৃঢ় করতে হবে।
তিনি আরও বলেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শনের মূল শিক্ষা হলো সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে এগিয়ে যাওয়া। এই আদর্শ সমাজে ছড়িয়ে দিতে পারলে দেশ ও জাতির মধ্যে ইতিবাচক জাগরণ সৃষ্টি হবে।
শোভাযাত্রায় ইসকন সিলেটের ভক্তদের পাশাপাশি বিভিন্ন মন্দির, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, ইসকন সিলেট মন্দিরের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সার্বজনীন জন্মাষ্টমী পরিষদ সিলেট মহানগরের উপদেষ্টা সুজিত দে, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শংকর কুমার দেব ও মিহির দেব, সদস্য সচিব অসীম কুমার সিংহ, কার্যনির্বাহী সদস্য রাজীব কুমার দেব, প্রচার আহ্বায়ক দীপন আচার্য এবং পরিক্রমা কমিটির সদস্য বিশ্বজিৎ দেব। এ সময় সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন মন্দির, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
পরে সম্মিলিত শোভাযাত্রাটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার সময় বৃষ্টি থাকলেও থেমে থাকেনি উৎসবের আয়োজন। বৃষ্টিকে উপেক্ষা করে ভক্ত-অনুরাগীরা শোভাযাত্রায় অংশ নেন। সংকীর্তন, ধর্মীয় সংগীত ও নানা আয়োজনে বৃষ্টিভেজা রাজপথও হয়ে ওঠে উৎসবমুখর।
নগর প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি মির্জাজাঙ্গাল হয়ে পুনরায় ইসকন সিলেট মন্দিরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে ইসকন সিলেট মন্দিরে চলছে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি। এর মধ্যে রয়েছে কীর্তনমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা।
আজ শুক্রবার রাত ১২টায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে ইসকন সিলেট মন্দিরে অনুষ্ঠিত হবে বিশেষ মহাভিষেক। এ সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের বিশেষ পূজা, অভিষেক ও ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।
এদিকে, আগামীকাল শনিবার (৫ সেপ্টেম্বর) ইসকনের প্রতিষ্ঠাতা-আচার্য শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের আবির্ভাব তিথি উপলক্ষে ইসকন সিলেট মন্দিরে রয়েছে পৃথক কর্মসূচি। দিনব্যাপী আয়োজনে থাকবে অভিষেক, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জন্মাষ্টমী ও পরবর্তী দিনের এসব আয়োজনকে ঘিরে ইসকন সিলেট মন্দিরে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। বৃষ্টি উপেক্ষা করে শোভাযাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেন উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেয়।
