শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার এহসান বিন মুজাহির (মোঃ এহসানুল হক) এর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দায়ের করা মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে প্রেসক্লাবের ব্যানারে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পাশাপাশি নানা সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, শ্রীমঙ্গল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসানের বিরুদ্ধে জালিয়াতি, দুর্নীতি ও বিভিন্ন অনিয়ম নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসান বিন মুজাহির-এর বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সদস্য আবুজার বাবলা, মো. কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, এম এ রকিব, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, রুবেল আহমেদ, আমজাদ হোসেন বাচ্চু, মামুন আহমেদ, শাকির আহম্মেদ, নূর মোহাম্মদ সাগরসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম সবুজ, শ্রীমঙ্গল ইসলামী ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক মাহমুদুল হাসান নাঈম, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আমজাদ হোসেন রনি, বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আলতাফুর রহমান দীর্ঘদিন ধরে দলীয় পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা, ব্যক্তিস্বার্থ হাসিলের অপচেষ্টা, প্রশাসনিক কর্মকর্তাদের হয়রানি এবং বিভিন্ন জালিয়াতিমূলক কর্মকাণ্ডে জড়িত। তাঁর এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে চারটি গ্রামের মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ কর্মসূচিও পালন করেছে বলে উল্লেখ করা হয়। তবে এ বিষয়ে এখনো কার্যকর কোনো প্রশাসনিক পদক্ষেপ না নেওয়ায় বক্তারা বিস্ময় প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, নির্ভীক অনুসন্ধানী সাংবাদিক হিসেবে এহসান বিন মুজাহির দীর্ঘদিন তদন্ত চালিয়ে এসব অনিয়মের তথ্য প্রকাশ করেছেন। কিন্তু সত্য প্রকাশের কারণে তাঁকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে এহসান বিন মুজাহির-এর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত আলতাফুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন