- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

সিকৃবিতে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শিক্ষা, গবেষণা ও কৃষক পর্যায়ে সেবা প্রসারের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক প্লান্ট হেলথ ক্লিনিক। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠিত এই ক্লিনিকটির মাধ্যমে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উন্নত গবেষণার পাশাপাশি স্থানীয় কৃষকরা সরাসরি ফসলের রোগ নির্ণয় ও পরামর্শ সেবা পাবেন।

গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের চতুর্থ তলায় ফলক উন্মোচনের মাধ্যমে ক্লিনিকের উদ্বোধন করেন সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার।

উপাচার্য বলেন, এই গবেষণাগারের প্রকৃত সাফল্য তখনই আসবে, যখন এর সুফল সরাসরি এ অঞ্চলের কৃষকের কাছে পৌঁছাবে। এর উদ্দেশ্য এমন গবেষণা তৈরি করা, যা থেকে ব্যবহারযোগ্য পেটেন্ট, উন্নত জাত ও উদ্ভাবনী প্রযুক্তি আসবে এবং মাঠ পর্যায়ের বাস্তব সমস্যা মেটাবে।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের স্বার্থে ও গবেষণার প্রয়োজনে যেখানে যাওয়া দরকার তিনি যাবেন। দরকার হলে মাঠে গিয়ে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলবেন। কাজের ক্ষেত্রে কে কী বলল, তা তিনি পরোয়া করেন না; তাঁর মূল লক্ষ্য কাজ করা।

উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আসাদ-উদ-দৌলার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম মাহবুব-ই-এলাহী এবং কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মাহবুব ইকবাল, প্রক্টর অধ্যাপক কাওছার হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আশরাফুজ্জামানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার (এসপিএম) অধ্যাপক মনিরুল ইসলাম জানান, এটি মূলত হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের আওতায় একটি বিশেষ উপপ্রকল্পের অংশ হিসেবে গড়ে তোলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন