সিলেটে ৯ জুয়াড়ী আটক

অনলাইন জুয়ার বিস্তার ঠেকাতে সিলেটে এক রাতেই দুটি পৃথক অভিযান চালিয়েছে র‌্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ ও নগরীর কোতয়ালী এলাকায় পরিচালিত অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। অভিযানে জব্দ করা হয়েছে জুয়া পরিচালনায় ব্যবহৃত একাধিক স্মার্টফোন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৯ জানায়, সোমবার (১৩ জুলাই) রাতে প্রথম অভিযান চালানো হয় গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া কলেজ রোড এলাকার একটি ফার্নিচারের দোকানে। সেখানে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত পাঁচটি স্মার্টফোন জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন গোলাপগঞ্জ উপজেলার উত্তর ঘোষগাঁও এলাকার আজাদুর রহমান (২৫), কানাইঘাট উপজেলার নারায়নপুর এলাকার শিপন উদ্দিন (২৪), গোলাপগঞ্জ উপজেলার চৌঘরি এলাকার সামাদ আহম্মদ (৩০), নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার উল্লুকান্দা এলাকার শাকিব (২০) এবং গোলাপগঞ্জ উপজেলার দাড়িপাতন এলাকার ইয়াসিন আরাফাত (২৮)।

একই রাতে নগরীর কোতয়ালী থানার পশ্চিম শেখঘাট নবাব রোড এলাকার একটি পানের দোকানেও অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে আরও চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন শেখঘাট এলাকার মুন্না আহম্মদ (২৬), সাগর তালুকদার (৩০), সুমন আহম্মদ (২৭) এবং সাইফ ইসলাম সুমন (২৬)।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার কথা জানিয়েছেন। তারা সাধারণ মানুষকে অল্প টাকায় বেশি লাভের প্রলোভন দেখিয়ে অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে যুক্ত করতেন এবং এর বিনিময়ে কমিশন আদায় করতেন।

র‌্যাব-৯ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন