সিলেটে চা শ্রমিকদের নিয়ে সুস্থ জীবনযাপন বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

স্বাস্থ্যকর জীবনযাপন, নিরাপদ খাদ্যাভ্যাস ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফুড অ্যান্ড নিউট্রিশন ফ্যাক্টস (FNF)-এর উদ্যোগে সিলেটের লাক্কাতুরা টি গার্ডেনে চা শ্রমিকদের অংশগ্রহণে একটি দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) লাক্কাতুরা টি গার্ডেন হেলথ সেন্টারে আয়োজিত “সুস্থ জীবনযাপন বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি”-তে প্রায় ১৫০ জন চা শ্রমিক অংশগ্রহণ করেন। কর্মসূচির মূল লক্ষ্য ছিল চা শ্রমিকদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পুষ্টি, নিরাপদ খাদ্য গ্রহণ এবং বিভিন্ন অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুল মোমিন এবং সানজিমা আক্তার ফাম্মি, রিসার্চ অ্যাসোসিয়েট, ফুড অ্যান্ড নিউট্রিশন ফ্যাক্টস (FNF)।

অনুষ্ঠানে নেতৃত্ব প্রদান ও বিভিন্ন সচেতনতামূলক সেশন পরিচালনা করেন FNF-এর মো. রাকিবুল ইসলাম, চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও); নাজিফা তাবাসসুম, চিফ অপারেটিং অফিসার (সিওও); এবং ইসতিয়াক বিন ইসলাম, রিসার্চ কো-অর্ডিনেটর।

এ সময় স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করেন মো. বেলাল মিয়া, অর্বিক দেব এবং নাহিদ, যারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী।

কর্মসূচিতে অংশগ্রহণকারী চা শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় স্বল্প ব্যয়ে পুষ্টিকর খাদ্য নির্বাচন, নিরাপদ ও পর্যাপ্ত পানি পান, কিডনি সুস্থ রাখার কার্যকর উপায়, তামাক ও ধূমপানের ক্ষতিকর প্রভাব, রক্তশূন্যতা প্রতিরোধে আয়রনসমৃদ্ধ খাদ্যের গুরুত্ব, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ খাদ্য গ্রহণ এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া অংশগ্রহণকারীদের সঙ্গে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে তারা নিজেদের খাদ্যাভ্যাস, স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা ও পুষ্টি বিষয়ে নানা প্রশ্ন তুলে ধরেন। বিশেষজ্ঞরা তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে সহজ ও কার্যকর পরামর্শ প্রদান করেন, যা উপস্থিত শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

বক্তারা বলেন, সুস্থ ও কর্মক্ষম জীবন নিশ্চিত করতে সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান, নিয়মিত শারীরিক পরিশ্রম, তামাক বর্জন এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের কোনো বিকল্প নেই। বিশেষ করে চা শ্রমিকদের মতো পরিশ্রমী জনগোষ্ঠীর জন্য সঠিক পুষ্টি ও স্বাস্থ্যসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফুড অ্যান্ড নিউট্রিশন ফ্যাক্টস (FNF)-এর পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে খাদ্য, পুষ্টি, নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা হবে। সংগঠনটি গবেষণাভিত্তিক তথ্য ও জনসচেতনতার মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও পুষ্টিসমৃদ্ধ সমাজ গঠনে কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন