উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে সিলেটে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। চারটি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে এই চেক তুলে দেয় জেলা প্রশাসন। এতে ক্ষতিগ্রস্তদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শনিবার দুপুর ২টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন।
সিলেট জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্পের আওতায় সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং রাস্তার উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পে অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মধ্যে এই ক্ষতিপূরণ প্রদান করা হয়।
চারটি প্রকল্পের জন্য মোট ২১টি চেকের মাধ্যমে ভূমি মালিকদের হাতে ১১ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৬৯৫ টাকা ৬০ পয়সা ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ভূমি অধিগ্রহণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে প্রশাসন সর্বদা স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করছে। ক্ষতিপূরণ প্রদান প্রক্রিয়া দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা সরকারের এ উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেন।