ঈদকে সামনে রেখে সিলেট নগরীর বিপণিবিতান ও মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। সন্ধ্যা নামলেই জমে উঠছে কেনাকাটার উৎসবমুখর পরিবেশ। তবে এই ব্যস্ততার সুযোগ নিতে সক্রিয় হয়ে ওঠে বিভিন্ন অপরাধী চক্র—বিশেষ করে চোর, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তাই কঠোর অবস্থানে রয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
ঈদ মৌসুমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে ইতোমধ্যে বিশেষ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে পুলিশ। নিয়মিত টহল জোরদারের পাশাপাশি শুরু হয়েছে সাঁড়াশি অভিযান। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নজরদারি বাড়ানোর অংশ হিসেবে নগরীর আকাশে নজরদারি ড্রোন উড়ানোর পরিকল্পনাও করছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ পিপিএম গণমাধ্যমকে জানান, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং অপরাধ দমনে একাধিক বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় শতাধিক চোর, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করেন এসএমপি কমিশনার।