সিলেটে হামের সংক্রমণ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু

সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু পরিস্থিতিকে নতুন করে শঙ্কার মুখে ফেলেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, একই সময়ে নতুন করে আরও ১ জনের শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত মোট ৮১ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ জেলায় ৭ জন (এর মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৩২ জন এবং সিলেটে ২৬ জন রয়েছেন।

এ নিয়ে চলতি বছরে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। সোমবার (২৭ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একজন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার ৮ মাস বয়সী তাহা এবং অপরজন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাদিপুর এলাকার ১ বছর ৬ মাস বয়সী ওয়াজিহা আক্তার। তারা দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক উপসর্গ নিয়ে নতুন করে আরও ৩৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২২ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৭ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬ জন ভর্তি রয়েছেন।

বর্তমানে বিভাগজুড়ে মোট ১৭২ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সর্বোচ্চ ৯৩ জন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯ জনসহ বিভাগজুড়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

হামের বিস্তার ও শিশু মৃত্যুর ঘটনা সিলেট বিভাগের জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের সতর্কবার্তা হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার, দ্রুত শনাক্তকরণ এবং জনসচেতনতা বৃদ্ধি ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন