সিলেটে হিন্দু বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আহত ১

সিলেট নগরীর বাগবাড়ি এলাকার একটি হিন্দু বাড়িতে প্রেমের সম্পর্কের কারণে হামলা ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বাগবাড়ির ৩৪১ নম্বর বাসার বাসিন্দা বিমল কপালী নামের এক ব্যাক্তির বাসায় এ হামলা, ভাংচুর ও আগুন দেওয়া হয়। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটলেও দুই দিনেও মামলা নথিভুক্ত করা হয়নি। হামলায় বাসার বাসিন্দা বিমলের স্ত্রী সুলেখা রানী কপালী আহত হয়েছেন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন।

বিমল কপালী অভিযোগ করেন তার বড় ছেলে বিশ্বজিৎ কপালীর সাথে জামায়াতে ইসলামীর সদস্য আখতার হোসেনের বোনের প্রেমের সম্পক ছিল। প্রেম সংক্রান্ত কারণে হামলা ও আগুন দেওয়ার হয়েছে। তিনি জানান জামায়াত নেতা আখতারের বোন শেখ তানিয়া আক্তার শিমুর সাথে সম্পর্কের কারণে হয়রানী করা হয়ে আসছিলেন। হয়রানীর কারণে তার ছেলে বিশ্বজিৎ বর্তমানে দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি জানান, আখতার হোসেন দলবল নিয়ে গত বৃহস্পতিবার রাতে বাসায় হামলা ও আগুন লাগিয়ে দেন। তারা পরিবারের সদস্যদের মারধর ও আসবাবপত্র ভাংচুর করে। যাওয়ার সময় হত্যার উদ্দেশ্যে ঘরে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার পর সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিমল কপালী। অভিযোগটি নথিভুক্ত প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানিয়েছেন তদন্ত সাপেক্ষে মামলা রেকর্ড করা হবে। কারা হামলার সাথে জড়িত তাদের আগে সনাক্ত করবে পুলিশ।

অভিযোগ বিষয়ে আখতার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্ত্য নেওয়া সম্ভব হয়নি।

বিবৃতি :
হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে বিবৃতি প্রদান করা হয়েছে। মহানগর সভাপতি আইনজীবী মৃত্যুঞ্জয় ধর ভোলা বিবৃতিতে উল্লেখ করেন- একের পর এক হিন্দুদের বাড়িতে হামলা করা হচ্ছে। বিভিন্ন স্থানে পুড়িয়েও মারা হচ্ছে। তিনি বিমল কপালীর বাড়িতে আগুন দেওয়া ও হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার দাবি করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন