- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

সিলেটে মসজিদের নাম নিয়ে সংঘর্ষে নিহত ১

সিলেটে মসজিদের নামকরণ নিয়ে সৃষ্ট বিরোধ মীমাংসার জন্য ডাকা সালিশ বৈঠকই রূপ নিলো রক্তক্ষয়ী সংঘর্ষে। এতে দেলোয়ার হোসেন দিলবর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার বিকেলে সিলেট মহানগরের জালালাবাদ থানার মোঘলগাঁও ইউনিয়নের গালংশাহ গ্রামের পঞ্চায়েতি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার ওই গ্রামের মৃত মখন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন ধরে মসজিদের নামকরণ নিয়ে গালংশাহ ও খাসের গাঁও এলাকার লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে জুমার নামাজের পর বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সালিশ বৈঠক বসে।

সালিশ চলাকালে উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়ে তা দ্রুত উত্তেজনায় রূপ নেয়। একপর্যায়ে সংঘর্ষ বেধে গেলে প্রতিপক্ষের হামলায় দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, তাকে ছুরিকাঘাত করা হয়।

পরে তাকে উদ্ধার করে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় তার মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব জানান, মসজিদের নামকরণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন