সিলেটে অভিনব চোরচক্রের ৭ সদস্য আটক

সিলেট নগরীতে অভিনব কৌশলে দোকান থেকে টাকা ও মূল্যবান সামগ্রী চুরি করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। চক্রের পুরুষ সদস্যরা দোকানিদের বিভিন্ন পণ্যের দাম নিয়ে কথাবার্তায় ব্যস্ত রাখতো, আর সেই সুযোগে নারী সদস্যরা ক্যাশবাক্স থেকে নগদ টাকা, মোবাইল এমবি কার্ডসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে দ্রুত সরে পড়তো। একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে চক্রটির ৭ সদস্যকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো— আকাশ ওরফে আপন (৩০), ফকির আলী (৩১), সাদিকা বেগম (২১), ফাইজা বেগম (২৩), মো. নাহিদ সিকদার (২৪), রোকেয়া বেগম (৫০) ও শুভরাজ (২২)। তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনজুরুল আলম জানান, গত ২৮ জানুয়ারি নগরীর গোয়াইপাড়া এলাকার চাষনিপীর মাজার রোডস্থ ‘সাফওয়ান স্টোর’-এ এই চক্রটি প্রবেশ করে। নারী সদস্যরা বোরকা পরে ক্রেতা সেজে দোকানের ভেতরে অবস্থান নেয়। অন্যদিকে পুরুষ সদস্যরা বিভিন্ন পণ্যের মূল্য নিয়ে দীর্ঘ সময় দর কষাকষি করে দোকান মালিককে ব্যস্ত রাখে।

এই সুযোগে চক্রের নারী সদস্যরা অত্যন্ত কৌশলে ক্যাশবাক্স থেকে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা এবং প্রায় ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ইন্টারনেট এমবি ও মিনিট কার্ড চুরি করে নিয়ে যায়।

এছাড়া গত ২৯ এপ্রিল সন্ধ্যায় নগরীর মজুমদারী এলাকার ‘ইরাম জেনারেল স্টোর’ থেকেও একই কৌশলে ৮৭ হাজার টাকা চুরি করা হয়।

এ ঘটনায় সিলেট এয়ারপোর্ট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে—চক্রটি সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারসহ বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে একই কৌশলে চুরি করে আসছিল। শপিংমল, সুপারশপ ও বিভিন্ন দোকানে বোরকা পরে ক্রেতা সেজে প্রবেশ করে তারা এই অপরাধ সংঘটিত করতো।

পুলিশের দাবি, সংঘবদ্ধ এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নগরবাসীকে এ ধরনের প্রতারণা ও চুরির বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন