বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে দলীয় সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সফরের অংশ হিসেবে একই দিন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই বিমানবন্দর ও সড়কপথের বিভিন্ন স্থানে নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি), জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করছেন। এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মনজুরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এসএমপি এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুরো কার্যক্রম স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হবে। সফরকে কেন্দ্র করে প্রশাসন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
এই সমন্বিত নিরাপত্তা ও আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল সফর সফলভাবে সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

শ্রীমঙ্গলে মঞ্চ প্রস্তুত:
এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ দুপুর ১টায় তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এ উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনে করে সমাবেশস্থলে ভিড় জমাতে শুরু করেছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
এসময় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও রোগীদেরকে সহয়তা চেক প্রদান করবেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী সিলেট থেকে সড়ক পথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর সমাবেশে নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগদান করছে। নানান রঙের পোশাক পরে সমাবেশেস্থলে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এসেছে, মাঠের একপাশে উপকারভোগীরাও অপেক্ষমান। দলীয় নেতাকর্মীরা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর দর্শন পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।