সিলেটে প্রেমের ফাঁদে ফেলে কিশোরী অপহরণ, অবশেষে..

সিলেটের কোম্পানীগঞ্জে প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে এক কিশোরীকে অপহরণের অভিযোগে পলাতক আসামি কামাল হোসেনকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গ্রেফতারকৃত কামাল হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার চন্দ্রনগর গ্রামের বাবুল মিয়ার ছেলে। সোমবার (৩০ মার্চ) কিশোরগঞ্জের ভৈরব থানাধীন কালিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ দল। সোমবার রাতে র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

র‌্যাব জানায়, অপহৃত কিশোরী সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন নতুন জীবনপুর এলাকার বাসিন্দা। অভিযুক্ত কামাল হোসেন বিবাহিত এবং তার একটি ছেলে সন্তান রয়েছে। বিভিন্ন সময় ভিকটিমের বাড়ির আশপাশে যাতায়াতের সূত্রে তার সঙ্গে পরিচয় গড়ে ওঠে এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক তৈরি হয়।

পরবর্তীতে বিষয়টি কিশোরীর পরিবারের নজরে এলে তারা কামালের পরিবারকে অবহিত করেন এবং স্থানীয়ভাবে সালিশের আয়োজন করা হয়। ওই সালিশে কিশোরীর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার প্রতিশ্রুতি দেন কামাল। তবে সেই প্রতিশ্রুতি অমান্য করে গত ১৬ মার্চ রাতে তিনি কিশোরীকে ফুঁসলিয়ে, বিভিন্নভাবে প্রলুব্ধ করে এবং সহযোগীদের সহায়তায় অপহরণ করে নিয়ে যান।

অপহরণের সময় স্থানীয় লোকজন তাদের দেখতে পায় এবং পরে বিষয়টি কিশোরীর দাদুর কাছে পৌঁছে। এ ঘটনায় ভিকটিমের দাদু বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, ঘটনার পর থেকে আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত করে অবশেষে ভৈরবের কালিপুর এলাকা থেকে তাকে আটক করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন