সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ১০টি নতুন এয়ারগান ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান মোল্লার দিকনির্দেশনায় (১৯ জানুয়ারী) সোমবার ভোর রাত অনুমান ৪টা দিকে সিলেট তামাবিল মহাসড়কের করিচের ব্রিজের উত্তর পাশে চেক পোষ্ট পরিচালনা করে যানবাহন তল্লাসী করা হয়। তল্লাশীকালে রেজিস্ট্রেশনবিহীন ১টি মোটরসাইকেলে আসা ২জন ব্যক্তিকে চেকপোস্টের সামনে পুলিশ থামানোর সংকেত দেয়। এ সময় দ্রুত মোটরসাইকেল রেখে ২জন আরোহী ১টি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা তল্লাশি করে পুলিশ। বস্তা হতে ভারতীয় ক্যামো রঙের ৪টি ও কালো রঙের ৬টি নতুন এয়ারগান উদ্ধার করে। আরোহীদের ব্যবহৃত পুরাতন সুজুকি জিক্সার মোটরসাইকেলটি জব্দ করা হয়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, ১০টি এয়ারগান উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মোটরসাইকেল যোগে এয়ারগান বহনকারী দুই আরোহীর পরিচয় সনাক্ত সহ তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
