
ছবি: এআই কর্তৃক এডিট করা
সিলেট নগরীতে অভিযান চালিয়ে মো. আলী আকবর তপু মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি একজন শীর্ষ ছিনতাইকারী। তাঁর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একটি জিআর ওয়ারেন্ট রয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে নগরীর রংমহল টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার তপু মিয়ার পিতার নাম মৃত মো. টিপু মিয়া এবং মাতার নাম আছিয়া বেগম। তাঁর স্থায়ী ঠিকানা সুনামগঞ্জ সদর থানার তেঘরিয়া (অংশ), বড়পাড়া গ্রাম। বর্তমানে তিনি সিলেট নগরীর দর্শন দেউড়ী এলাকায় বসবাস করেন।
পুলিশ আরও জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, ছিনতাই ও চুরিসহ মোট ১০টি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একটি জিআর ওয়ারেন্ট থাকায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।