সিলেটজুড়ে তীব্র গরমে জনজীবনে নেমে এসেছে চরম অস্বস্তি। উত্তর-পূর্বাঞ্চলের এই জনপদে চলমান দাবদাহে যেন নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। শনিবার (৪ জুলাই) সিলেট অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার এই ওঠানামার মধ্যে চলতি মাসের শুরুতেই তাপমাত্রার ভিন্ন চিত্র দেখা গেছে। বুধবার (১ জুলাই) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর বৃহস্পতিবার (২ জুলাই) তা বেড়ে দাঁড়ায় ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে, যা এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি ছিল।
এদিকে সকাল থেকে তীব্র রোদের প্রখরতায় সিলেট মহানগরী কার্যত গরমে পুড়ছে। প্রচণ্ড রোদের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পথচারী ও দিনমজুররা। শহরের রাস্তায় মানুষের চলাচল অনেকটাই কমে গেছে, পাশাপাশি যানবাহনের সংখ্যাও আগের তুলনায় কম দেখা গেছে। গরমের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন খেটে খাওয়া মানুষজন, যারা জীবিকার তাগিদে বাইরে বের হতে বাধ্য হচ্ছেন।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, শনিবার সিলেটে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
